চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী বুধবার, ৩ ডিসেম্বর ১১টা ১৫ মিনিটে এ মহড়ার আয়োজন করা হয়।
বিমানবন্দরের অগ্নি নির্বাপণ কাজে নিয়োজিত জনবল, যানবাহন ও ইকুইপমেন্ট এর কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে স্থানীয়ভাবে বিমানবন্দরের কার্গো ওয়ার হাউস সংলগ্ন স্থানে এ মহড়া সম্পন্ন হয়। এতে অংশ নেয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার শাখা, বিমানবন্দর এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, অত্র বিমানবন্দরের মেডিকেল টিমসহ অন্যান্য অংশীজনরা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘মহড়ায় স্ক্রিপ্টের অংশ হিসেবে কার্গো ওয়ারহাউস সংলগ্ন স্থানে থাকা পরিত্যক্ত ময়লায় আকস্মিক ধরে যাওয়া আগুন মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। এ অবস্থায় বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার সংশ্লিষ্ট সকল অংশীজনকে আগুন লাগার বিষয়টি অবহিত করলে বিমানবন্দর ফায়ার টিম, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ অন্যান্য অংশীজনরা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ’
মহড়ায় উপস্থিত ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, পিএসসি, এএফডব্লিউসি; মানবন্দরের স্যাটো সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পতাকানিউজ

