আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়কারী রিদুয়ান হৃদয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনিসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলসহ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে রিদুয়ান হৃদয় বলেন, বঙ্গোপসাগরের তীরঘেঁষা আনোয়ারা–কর্ণফুলী এখনো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে। এই অঞ্চলের অবহেলিত মানুষের উন্নয়ন ও সেবা নিশ্চিত করতেই আমি নির্বাচনে অংশ নিতে চাই।
তিনি আরও জানান, দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থাকার কারণে এলাকাবাসীর প্রত্যাশা ও দুর্ভোগ কাছ থেকে দেখেছি। জনগণের সেবা করতে পারলেই সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন।
এদিকে এই আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও সুন্নী ঐক্যজোটসহ একাধিক রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশিত হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনিসিপির প্রার্থী হিসেবে রিদুয়ান হৃদয়ের মনোনয়ন সংগ্রহ চট্টগ্রাম–১৩ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
পতাকানিউজ/এআই

