দীর্ঘদিন ফাঁকা থাকা চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) বিএনপির প্রার্থী হিসেবে ব্যবসায়ী জসিম উদ্দিন আহমদের নাম ঘোষণা করেছে দলটি। গতকাল রবিবার সন্ধ্যায় প্রার্থী চূড়ান্ত হওয়ার পর স্থানীয় বিএনপির একাংশের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে।
নেতাকর্মীদের অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় গত বছরের ৪ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন জসিম উদ্দিন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নাম উল্লেখ করা হয়।
আরও অভিযোগ উঠেছে, জসিম উদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা, একাধিক মন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ব্যক্তির সঙ্গে তার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চন্দনাইশ আসনে জসিম উদ্দিনকেই দলের প্রার্থী করা হয়েছে। তবে তার দলে কোনো পদ নেই উল্লেখ করে তিনি বলেন, জসিমের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই।
মনোনয়ন ফরম সংগ্রহের শেষ পর্যায়ে এসে প্রার্থী ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছেন এই আসনের একাধিক মনোনয়নপ্রত্যাশী। তাদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা ও থানা পর্যায়ের একাধিক নেতা এবং আইনজীবী নেতারা।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী বলেন, জসিম উদ্দিন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় রাজনীতি করেছেন। তার দাবি, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের শীর্ষ নেতারাই জসিমের পক্ষে সক্রিয় ছিলেন। এ অবস্থায় তাকে বিএনপির প্রার্থী হিসেবে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে জসিম উদ্দিনের পক্ষে থাকা নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী বলেন, জসিম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি সৌদি আরব বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ নিয়ে জসিম উদ্দিন আহমদের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, ঋণখেলাপির একাধিক মামলায় জসিম উদ্দিন ও তার স্ত্রী আদালতের আদেশে গ্রেপ্তারি পরোয়ানা ও সাজাপ্রাপ্ত হন। হাইকোর্টে জামিন চাইতে গিয়ে ঋণ পরিশোধের জাল নথি দাখিলের অভিযোগে তার জামিনও বাতিল হয়।
পতাকানিউজ/এআই

