নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে চাঁদাবাজির এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রবিবার, ৭ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শামসুল হক দুররানী। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১২ নভেম্বর রাজিবুল ইসলাম নামে এক ঠিকাদার শামসুল হক দুররানীকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, শামসুল হক দুররানীর পক্ষে জামিন শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।
তিনি সাংবাদিকদের জানান, আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, জামালপুরের মেলান্দহ থানার উপজেলা বীজ অফিসে বাদী রাজিবুল ইসলামের ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৭৩২ টাকার একটি কাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে এ কাজের সাইটে অজ্ঞাত কিছু লোক কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। গত ৭ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে একটি নম্বর থেকে তাকে হোয়াটসঅ্যাপে কল করে অজ্ঞাত এক ব্যক্তি রাত ৭টার দিকে সাভার বাসস্ট্যান্ডে এসে দেখা করতে বলেন। জামালপুরে সাইটের কাজে যে ঝামেলা চলছে তা সমাধান করে দেবে বলে জানায়। রাজিবুল ইসলাম ৭টার দিকে ঢাকা থেকে সাভার বাসস্ট্যান্ডে যান। সেখানে তাদের দেখা হয়। ওই লোক বলেন, জামালপুরের সাইটের কাজ সঠিকভাবে করতে ২০ লাখ টাকা দিতে হবে শামসুল হক দুররানীকে। টাকা না দিলে কাজ করতে পারবে না বলে হুমকি দেন।
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইন সচিব লিয়াকত আলী মোল্লার বিরুদ্ধে অভিযোগ জানালেন দুররানী। নওরোজ সম্পাদক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘বর্তমান আইন সচিব লিয়াকত আলী মোল্লা চাপাইনবাবগঞ্জের জেলা জজ হিসেবে থাকাকালে ১০ কেজি হেরোইন মামলায়, সাড়ে তিন কেজি হেরোইনের মামলায়, এমনকি বিস্ফোরকদ্রব্য উদ্ধারের মামলায় আসামিদের জামিন দেন। আমি তার বিরুদ্ধে নিউজ করি। নিউজ করার কারণে তাকে সঙ্গে সঙ্গে বদলি করা হয়। এ কারণে লিয়াকত আলী এবং উপসচিব (প্রশাসন) গোলজার রহমান আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ব্যবস্থা করেছেন।’
তিনি বলেন, ‘বিচারকরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না, কিছু লেখা যাবে না।’
আইন সচিবই মামলা করিয়েছেন কীভাবে বুঝলেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দুররানী বলেন, ‘এটা পুলিশ আমাকে বলেছে, তার নাম আমি বলবো না।’
পতাকানিউজ/এআই

