বগুড়ার ধুনট উপজেলায় ৫ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পৌর কাউন্সিলর ও পিতা-পুত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে চরধুনট এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চরধুনট গ্রামের জাহাঙ্গীর আলম (৪৪) ও একই গ্রামের সোবাহান আলী প্রামানিক (৪৬) এবং তার ছেলে মনির হোসেন (২২)।
মামলা সুত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের রিপন প্রামানিক পেশায় একজন নির্মাণ শ্রমিক। কয়েক দিন আগে থেকে পৌরসভার সাবেক কাউন্সিলর ও তার লোকজন রিপন প্রামানিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্ত চাঁদা দিতে অস্বীকার করায় রিপন প্রামানিকের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন জাহাঙ্গীর আলম।
এ অবস্থায় মঙ্গলবার রাতে জাহাঙ্গীর আলম ও তার লোকজন চাঁদার টাকার জন্য রিপনের বাড়িতে যান। সেখানে চাঁদার টাকা না পেয়ে জাহাঙ্গীর ও তার লোকজন রিপনকে মারধর করেন। স্বজনরা আহত রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় রিপনের স্ত্রী তাহমিনা আকতার বাদি হয়ে জাহাঙ্গীর আলমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পতাকানিউজ/পিএম/এএইচ

