বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের উদ্দিগোলা বাজারে ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে এক হোটেল মালিকের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি দুপুর ২টায় উদ্দিগোলা বাজারের শাহিন হোটেলে এ ঘটনা ঘটে।
আটক মেহেদী হাসান সদর উপজেলার নারুলী এলাকার মনির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান একটি রিকশাযোগে উদ্দিগোলা বাজারে এসে শাহিনের হোটেলের সামনে নামেন। পরে তিনি হোটেলের ভেতরে ঢুকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন এবং নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দেন। একপর্যায়ে তিনি হোটেল মালিক শাহিনের কাছে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করবেন বলে হুমকিও দেন।
হোটেল মালিক প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে পাঁচ হাজার টাকা দিতে চাইলে মেহেদী আরও উত্তেজিত হয়ে ওঠেন। এসময় স্থানীয় লোকজন তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বিভিন্ন বিভ্রান্তিকর পরিচয় দিতে থাকেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে হোটেল মালিক শাহিন বলেন, ‘আটক ব্যক্তি আমার দোকানে এসে ভিডিও করে নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে জরিমানা করবে বলে ভয় দেখায়। পরে সন্দেহ হলে তাকে ধরে ফেলি।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। মামলা হলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পতাকানিউজ/পিএম/আরবি

