জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর আবারও সেই নিজাম উদ্দিনকে দলে ফেরাচ্ছে এনসিপি। এ নিয়ে দ্বিতীয়বার দলে ফিরবেন এই নেতা। বৃহস্পতিবার, ৬ নভেম্বর বিকেলে এসসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত একটি চিঠি আসে পতাকানিউজের হাতে।
চিঠিতে উল্লেখ করা হয়, বিগত ১২ আগস্ট ২০২৫ ইং তারিখে এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/১১ স্মারক মোতাবেক শৃঙ্খলাজনিত কারণে আপনাকে সংগঠন হতে সাময়িক বহিষ্কার আদেশ প্রদান করা হয়েছিল। উক্ত বিষয়টি পর্যালোচনা করে আপনাকে প্রদত্ত উক্ত সাময়িক বহিষ্কার আদেশটি সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক এতদ্বারা প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন,‘ আমি কিছুই জানি না।’
এর আগে গতকাল ৫ নভেম্বর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এনসিপির আয়োজিত ‘সমন্বয় সভায়’ হাসনাত আব্দুল্লাহর সঙ্গে স্টেজে দেখা যায় তাকে।
এর আগে চলতি বছরের আগস্ট মাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ উঠে।
রবিবার, ১০ আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে আন্দোলন বন্ধের শর্তে টাকা চাইতে শোনা যায়।
এর আগে গত ৫ জুলাই চাঁদাবাজির অভিযোগে এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ কোটি টাকা না দেয়ায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নিজাম উদ্দিন। সেসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন তিনি। অভিযোগের পর তাকে পদ থেকে স্থগিত করা হলেও পরে আবার ফিরিয়ে দেয়া হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামের একজন মেসেঞ্জারে নিজাম উদ্দিনের সঙ্গে কথা বলছেন।
কথোপকথনে আফতাব জানতে চান, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করবো?’
জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে, টাকা দিছে?’ আফতাব ‘হ্যাঁ’ বললে নিজাম উদ্দিন জিজ্ঞেস করেন কত টাকা দেয়া হয়েছে। উত্তরে আফতাব বলেন, ‘পাঁচ’।
তখন নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কিনা।’
ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি পোস্টে লিখেছেন, ‘সাইফ পাওয়ারটেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটি শুধু দুর্নীতিই নয়, ছাত্র ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
সেদিনই দিবাগত রাত দুইটার দিকে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়। এতে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এর লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা ওই চিঠিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আপনাকে দলের সব প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে এতদ্দ্বারা সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ আজকের তারিখ হতে কার্যকর হবে।’
চিঠিতে আরও বলা হয়, ‘আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো।’
তবে এনসিপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নিজাম উদ্দিন নিজের স্বপক্ষে কোনো প্রমাণ দাখিল করতে পারেন নি। যার সত্যতা মিলেছে, চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদ এর বক্তব্যে।
তিনি পতাকানিউজকে বলেন, ‘এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। আমরা কিছুই জানি না। নিজের পক্ষে কোনো প্রমাণ দাখিল করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগও প্রমাণিত হয়নি।
পতাকানিউজ/এএস/আরবি

