জুলাই অভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে।
গত ২০ জানুয়ারি, মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নতুন এ দিন ধার্য করেন। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই চানখাঁরপুলের মামলার পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর গত ২৪ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় । ওই দিন ট্রাইব্যুনাল জানান, ২০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে। তবে মামলার রায় প্রস্তুত না হওয়ায় ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
পলাতক রয়েছেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
রাষ্ট্রপক্ষ সবার মৃত্যুদণ্ড চাইলেও আসামিপক্ষের দাবি, অপরাধ প্রমাণ হয়নি।
পতাকানিউজ/আরবি

