অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতারণা চালানো সংঘবদ্ধ একটি প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) এবং তাদের সহযোগী আসাদ (৩০)। ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন সিআইডি সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশন-এর একটি দল।
আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতরা ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা ইনভেস্ট করলে অল্প সময়ের মধ্যে কয়েকগুণ মুনাফার আশ্বাস দিত তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরো অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর-১১, তারিখ: ২৬/০৩/২০২৫, ধারা-৪০৬/৪২০ দণ্ডবিধির তদন্তপ্রাপ্ত আসামি। মামলার তদন্তকার্যক্রম চলমান। তদন্তে প্রতারণা চক্রের মূল রহস্য উন্মোচিত হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
পতাকানিউজ/আইবিএম

