গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মো. নাজমুল করিম খানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। এর আগে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াতের অভিযোগে তাকে দুই মাস আগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহারকৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা সমীচীন মনে করা হয়েছে। সেহেতু তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ ওঠে, নাজমুল করিম খান কর্মস্থলে যাওয়া–আসার সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ রাখতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
পরে ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে নাজমুল করিম খানকে জিএমপি কমিশনার পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
পতাকানিউজ/এআই

