দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচন। চাকসু নির্বাচিত প্রতিনিধিদের গ্যাজেট প্রকাশ করা হবে মঙ্গলবার, ২১ অক্টোবর। এছাড়া, তাদের শপথ গ্রহণ চলতি সপ্তাহের বৃহস্পতিবার, ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
রবিবার, ১৯ অক্টোবর রাত ৯টায় বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
তিনি বলেন, ‘চাকসুর নির্বাচিতদের গ্যাজেট আগামী মঙ্গলবার প্রকাশিত হবে এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার সকাল ১১টায়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হবে। হল সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ পরবর্তীতে স্ব-স্ব হলে অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘গ্যাজেট প্রকাশের পর থেকেই নির্বাচিতদের দায়িত্বের সময় শুরু হবে। এরপর থেকে তারা চাকসুতে বসতে পারবেন। চাকসুতে প্রতিনিধিদের বসার মতো পরিবেশ তৈরি করা হয়েছে। পরবর্তীতে চাকসু ভবনের আরো কাজ করা হবে।’
তিনি বলেন, ‘চাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। সবাই বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এজন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’
পতাকানিউজ/এসএইচ/এএইচ

