চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মনোনয়ন বিতরণের ২য় দিনে এসে মোট ১৬৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার, ১৫ সেপ্টেম্বর বেলা পৌনে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন ৯৭ জন। এছাড়া হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন ৭০ জন প্রার্থী। এরমধ্যে ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি বলেন, ‘মনোনয়নপত্র বিতরণের ২য় দিনেই প্রার্থীদের ব্যাপক সাড়া আমরা পেয়েছি। এটি প্রমাণ করে যে শিক্ষার্থীরা আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে আগ্রহী এবং অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হচ্ছে। আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সর্বমোট ১৬৯ জন প্রার্থী। আমরা আশা করছি বাকি দিনগুলোতেও একইভাবে উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজও তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহ করতে প্রার্থীরা সকাল থেকেই লাইন ধরে দাঁড়িয়েছেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এর আগে, রবিবার, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণের ১ম দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬ জন এবং হল সংসদের জন্য ২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। ফলে দুই দিনে মোট ১৯৭ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ থাকবে। এরপর যাচাই-বাছাই ও প্রত্যাহারের সব ধাপ শেষ করে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
পতাকানিউজ/এসজিএন

