আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আরও নতুন তিন প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’, ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ ও ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার, ৯ অক্টোবর দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে চাকসু ভবন ও বুদ্ধিজীবী চত্বরে পৃথক সংবাদ সম্মেলনে প্যানেলগুলো তাদের ইশতেহার পাঠ করেন। তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, আবাসন সংকট নিরসন ও উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রতিশ্রুতি দেন।
‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ৮ দফা ইশতেহার
বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে-নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, আবাসন সমস্যা সমাধান, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, খাদ্য ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গবেষণা ও শিক্ষার বিকাশ, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, জাতিগত বৈচিত্র্য সংরক্ষণ এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ।
ইশতেহার ঘোষণায় ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, ‘বিভিন্ন জাতি, ধর্ম, লিঙ্গ ও মতের শিক্ষার্থীদের ঐক্যের মাধ্যমে একটি অংশীদারিত্বমূলক, গণমুখী ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা গণসংগ্রামের চেতনা ধারণ করে একটি আধিপত্যবিরোধী ছাত্র রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই।’
‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ধ্রুব বড়ুয়া, জিএস পদে পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা এবং এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির। প্রায় ১০টি বাম সংগঠনের সমন্বয়ে এ প্যানেল গঠিত হয়েছে।
‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ১৬ দফা ইশতেহার
‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ১৬ দফা ইশতেহারে রয়েছে- আবাসন সংকট নিরসন, শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধি, খাবারের মানোন্নয়ন, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি প্রদান, মেডিকেল অ্যাম্বুলেন্স সেবা বৃদ্ধি ও দ্রুতকরণ।
প্যানেলের জিএস প্রার্থী মোহাম্মদ ইয়াছিন উদ্দীন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে দীর্ঘ সেশনজট, আবাসন সংকট, অপর্যাপ্ত শাটল ট্রেন, সুপেয় পানির অভাব এবং নিরাপত্তাহীনতার মতো নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা দূর করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।’

সুফিবাদী আদর্শে বিশ্বাসী এ অরাজনৈতিক শিক্ষার্থীদের প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামিক স্টাডিজ বিভাগের মুহাম্মদ ফরহাদুল ইসলাম, জিএস পদে সাংবাদিকতা বিভাগের মুহাম্মদ ইয়াসিন উদ্দিন সাকির এবং এজিএস পদে ইসলামিক স্টাডিজ বিভাগের মুহাম্মদ শহীদুল ইসলাম শাহেদ।
‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ১২ দফা ইশতেহার
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ১২ দফা ইশতেহার ঘোষণা করেছে। এতে স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, যোগাযোগ ও আবাসন এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন এই চারটি বিভাগে গুরুত্ব দেয়া হয়েছে।
ভিপি প্রার্থী আব্দুর রহমান রবিন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীরা আবাসন সংকট, নিম্নমানের খাবার, দুর্বল চিকিৎসা সেবা, সীমিত ক্রীড়া-সংস্কৃতি সুযোগ এবং গবেষণার বাজেট ঘাটতির মতো নানা সমস্যায় ভুগছে। এসব সমস্যার সমাধানেই আমাদের শিক্ষার্থীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক প্যানেল।

‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইন্যান্স বিভাগের আব্দুর রহমান রবিন, জিএস পদে ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুর রহমান এবং এজিএস পদে আরবি বিভাগের মো. রাকিব।
দীর্ঘ ৩ যুগ পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম চাকসু নির্বাচন। এখন পর্যন্ত মোট ১৩টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।
পতাকানিউজ/এসএইচ/আরবি

