চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। সকাল থেকেই প্রার্থীদের অনুপস্থিতে নীরব হয়ে আছে পুরো চাকসু ভবন। দেখা যাচ্ছে না কোনো প্যানেলের আনাগোনা।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর বেলা ১১টা পর্যন্ত হল সংসদ ছাড়া শুধু চাকসুতে মাত্র ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাকসু নির্বাচনে আসা শাহেদ নামে এক শিক্ষার্থী জানান, এখনও প্রার্থীদের আসা শুরু হয়নি। আশা করছি কিছু সময়ের মধ্যে প্রার্থীরা আসা শুরু করবেন।
মনোনয়ন জমা দিতে আসা আবু হুরায়রা বলেন, আমরা চাই নির্বাচনটা হোক অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছি, এটাই আমাদের বড় পাওয়া।
একইভাবে মনোনয়ন জমাপত্র জমা দিতে আসা আরেক প্রার্থী ফাহমিদা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবর্তনের প্রত্যাশায় আছে। আমি চাই, তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটুক এ নির্বাচনের মাধ্যমে।
চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আজ মনোনয়ন জমাদানের শেষ দিন। বেলা ১১টা পর্যন্ত ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে শেষ সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, গত চারদিনে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছে ১১৬২ প্রার্থী। গতকাল মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ছিল। আজকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। দীর্ঘ তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
পতাকানিউজ/এআই

