বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। একইসঙ্গে তার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ।
মঙ্গলবার, ২ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, আমেরিকা ও ইউকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিম আছেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক মায়ের চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন।
তিনি বলেন, ‘দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন।’
প্রসঙ্গত রবিবার, ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭৯ বছর বয়সী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
পতাকানিউজ/আরবি

