চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার, ১২ আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়েটের ২০২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়িই সিলেটে বলে জানা গেছে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত টিপিই বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা দুজন সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝামাঝি অংশে তলিয়ে যান।
পরে খবর পেয়ে সহপাঠী ও অন্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে দুজনকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চুয়েটের ছাত্রকল্যান পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানান, আজ দুপুরে দুই ছাত্র পুকুরে গোসল করতে নেমেছিল। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যায় একই পুকুরে গোসলে নেমে অর্ণব সাহা নামে যন্ত্র প্রকৌশল বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়।
পতাকানিউজ/আরবি

