বলিউডে চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়ার উদাহরণ নতুন নয়। তবে ইয়ামি গৌতম সম্প্রতি যা করেছেন, তা নিঃসন্দেহে আলাদা করে নজর কাড়ছে। একটি চরিত্রের গভীরে ঢুকতে গিয়ে তাঁকে প্রায় দেড় বছর সময় নিয়ে কোরআন পড়তে হয়েছে, জানতে হয়েছে ইসলামের আইনকানুন -শুধু অভিনয়ের বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘হক’ ছবিতে ইয়ামিকে দেখা গেছে শাজিয়া বানোর চরিত্রে। ছবিটি নির্মাণ করেছেন সুপর্ণ এস বর্মা। ১৯৭০-এর দশকের এক গুরুত্বপূর্ণ আইনি লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প। একজন মুসলিম নারীর ব্যক্তিগত অধিকার, বিশেষ করে ‘তিন তালাক’-এর মতো স্পর্শকাতর ইস্যুতে প্রতিবাদ -এই গল্পই বড়পর্দায় তুলে ধরা হয়েছে। আর সেই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতেই ইয়ামির এই দীর্ঘ প্রস্তুতি।
চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্র বলছে, শুধু সংলাপ মুখস্থ করলেই চলত না; চরিত্রের মনস্তত্ত্ব, বিশ্বাস, সামাজিক প্রেক্ষাপট -সবকিছু বুঝে নেওয়ার জন্যই তিনি কোরআনের বিভিন্ন অংশ অধ্যয়ন করেন। পাশাপাশি ইসলামী আইনকানুন সম্পর্কেও ধারণা নেন, যাতে চরিত্রটির প্রতিটি আবেগ ও সিদ্ধান্ত পর্দায় স্বাভাবিকভাবে ফুটে ওঠে।
পরিচালক সুপর্ণ এস ভার্মাও জানিয়েছেন, ছবিটি বানানোর সময় পুরো টিমই দীর্ঘ সময় ধরে গবেষণা করেছে। তাঁর ভাষায়, ‘ইসলামের আইন নিয়ে অনেক তথ্য রয়েছে, কিন্তু কোনটা সঠিক তা যাচাই করাটা জরুরি ছিল। আমরা চাইছিলাম ছবিটি যেন কেবল গল্প না হয়ে, একটি শক্তিশালী বক্তব্য হয়ে ওঠে।’
উল্লেখ্য, আদিত্য ধরের সঙ্গে ব্যক্তিগত জীবনে সম্পর্কের কারণে মাঝেমধ্যে বিতর্কে জড়ালেও, পেশাগত ক্ষেত্রে ইয়ামি বরাবরই নিজের কাজ দিয়ে উত্তর দিয়েছেন। ‘হক’ ছবিতে তাঁর নিবেদনও যেন সেই ধারাবাহিকতারই আরেকটি প্রমাণ।

-তথ্য সূত্র : আনন্দবাজার
-পতাকানিউজ

