মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে দেউন্ডি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মিরতিংগা চা বাগানে সাম্প্রতিক সময়ে গাছ ও অবকাঠামো চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
বাগান কর্তৃপক্ষ সূত্র জানা যায়, চলতি বছরের ২ এপ্রিল ৩টি এবং ১৬ এপ্রিল একটি ছায়াবৃক্ষ চুরি হয়। এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এসব ঘটনায় থানায় লিখিতভাবে জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ ছিল।
এদিকে ২২ এপ্রিল বুধবার রাত ১১টায় মিরতিংগা চা বাগানের ১৮ নম্বর সেকশন থেকে ২০ নম্বর সেকশন পর্যন্ত প্রধান সড়কের দুপাশে রোপণ করা ৭১টি একাশিয়া প্রজাতির ছায়াবৃক্ষ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত চৌকিদারদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি। কর্তৃপক্ষ এ ঘটনায় ইতিমধ্যে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে।
মিরতিংগা চা বাগানের ডেপুটি ব্যবস্থাপক রেজাউল হায়াত খান (ইমন) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। চা শিল্প রক্ষায় জরুরি ভিত্তিতে ছায়াদানকারী বৃক্ষ নিধন বন্ধ করতে হবে।’
পতাকানিউজ/এমআরআর/আরবি

