পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিন এখনও ধরাছোয়ার বাইরে। ২৪ ঘণ্টা পার হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মঙ্গলবার, ১০ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গাজী বোরহান উদ্দিন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা জানা যায়, একাধিক মামলার আসামি হয়েও বোরহান উদ্দিন এলাকাতেই ছিলেন। গত মঙ্গলবার বিকেল ৫টায় বোরহানকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ফাঁড়ির সদস্যরা। খবর পেয়ে বোরহানের ভাই গাজী গিয়াসের নেতৃত্বে বেশকিছু লোক ফাঁড়ির সামনে জড়ো হন। বোরহানকে ছেড়ে দিতে তারা পুলিশকে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশ একটি সিএনজি অটোরিকশায় করে বোরহানকে থানায় নিয়ে যাওয়ার পথে তাকে ছিনিয়ে নেয়া হয়।
এ বিষয়ে সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘একাধিক মামলার আসামি হিসেবে বোরহানকে গ্রেপ্তার করা হয়। তাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশ গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পতাকানিউজ/বিপিবি/আরবি

