ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী-৩ আসনের দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জামায়াত সমর্থক ছেলের ওপর হামলার ঘটনা শুনে স্ট্রোকে মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
ভুক্তভোগী ও দলীয় সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে জয়নাল আবেদীন দুলাল নামে দাঁড়িপাল্লার এক সমর্থকের ওপর হামলা চালায় যুবদলের নেতাকর্মীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
এদিকে খবর পেয়ে তাকে দেখতে ছুটে আসেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। এসময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। এঘটনায় একই ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামের অহিদুর রহমানের ছেলে মোহম্মদ হাসানসহ আরও কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এদিকে ছেলের ওপর হামলার ঘটনা শুনে রাতেই স্ট্রোক করেন বলে ছেলে দুলাল দাবি করেন। শনিবার, ১৪ ফেব্রুয়ারি দুলালের মা রৌশন আরা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালাহ উদ্দিন বলেন, ‘হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ক্যান্সার আক্রান্ত রৌশন আরা বেগম পূর্ব থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। ছেলে আহত হবার খবর শুনে তিনিই হৃদরোগে আক্রান্ত হন। আজ বেলা ১২টায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার নামাজের জানাজা সিলোনীয়ার পূর্ব হীরাপুর পুরাতন জামে মসজিদের সামনে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।’
ফেনী-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক বলেন,‘ নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সহিংসতা চলছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। যুবদল কর্মী মোহম্মদ হাসান, মামুন ও জয়ের নেতৃত্বে প্রবাস ফেরত জামায়াত কর্মী দুলালকে বেদম মারধর করে তার এক হাত থেতলে দিয়েছে। আমরা এ সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি। বিএনপির বিজয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে কথা বলেছি। কর্মীদেরকে নিয়ন্ত্রণ করারে আহ্বান করেছি।’
অভিযুক্ত মোহাম্মদ হাসানের মুঠোফোনে একাধিকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ‘জামায়াত কর্মীকে মারধরের বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউ/এএএম/আরবি

