মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক ছেলে।
বুধবার, ১৫ এপ্রিল দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকল মিয়া (৭৭) এবং আহত শহিদুর মিয়া (৪৫) একই পরিবারের সদস্য।
পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে ছেলে মশিক মিয়ার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে বাধে। এসময় ছোট ছেলে মশিক মিয়ার ছুরিকাঘাতে বাবা আকল মিয়া নিহত হন এবং ভাই শহিদুর মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত শহিদুর মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/এমআরআর/আরবি

