জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২ নভেম্বর ৬১ বছরে পা দিয়েছেন এই অভিনেতা। আর বিশেষ এই দিনেই প্রকাশ্যে এসেছে তার আগামী সিনেমা ‘কিং’র প্রথম গান ‘তু মিল জায়ে’। মুক্তির পরপরই গানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম ২৪ ঘণ্টায় ৬ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ড গড়েছে গানটি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউটিউবে গানটি প্রথম দিনেই ৩ কোটি ৬৩ লাখ ভিউ পেয়েছে। পাশাপাশি গানটিতে পড়েছে ৪ লাখ ৩০ হাজার লাইক। অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের ভিউ যোগ করে প্রথম ২৪ ঘণ্টায় গানটির মোট ভিউ দাঁড়িয়েছে ৬ কোটিতে।
এই সাফল্যের মধ্য দিয়ে নিজেরই পুরোনো রেকর্ড ভেঙেছেন শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পাওয়া তার ‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানটি প্রথম ২৪ ঘণ্টায় ৩ কোটি ৪৬ লাখ ভিউ পেয়েছিল। এ ছাড়া ‘গুজ্জু পটাকা’ গানটির ভিউ ছিল ৩ কোটি ৪০ লাখ। অন্যদিকে ‘আদিপুরুষ’ সিনেমার ‘জয় শ্রী রাম’ ও ‘রাম সিয়া রাম’ গান দুটি যথাক্রমে ৩ কোটি ২২ লাখ ও ৩ কোটি ২১ লাখ ভিউ পেয়েছিল। এবার সেই সব রেকর্ড পেছনে ফেলেছে ‘কিং’র ‘তু মিল জায়ে’।

এদিকে ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও জুটি বেঁধেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ ও ‘জওয়ান’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।
সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তার মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি ও রাঘব জুয়েল। অতিথি চরিত্রে দেখা যাওয়ার কথা দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর ও রানি মুখার্জিকে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান অভিনীত ‘কিং’। সিনেমাটি ঘিরে আগে থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবার প্রথম গান প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।

