প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার, ৩ নভেম্বর তিনি ক্যালিফোর্নিয়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনেত্রীর মেয়ে অস্কার বিজয়ী তারকা লরা ডার্ন এই খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
লরা বলেছেন, আমার মা একজন অসাধারণ অভিনেত্রী ছিলেন। আজ সকালে তিনি ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি ছিলেন একজন আদর্শ মেয়ে, মা, দাদি, প্রতিভাবান শিল্পী এবং অসাধারণ মানুষ। তার দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য দর্শনীয় ও মনোমুগ্ধকর চরিত্র উপস্থাপন করেছেন।
ডায়ান ল্যাড ১৯৩৫ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি নিউ ইয়র্কের বিখ্যাত কোপাকাবানা নাইটক্লাবে ‘কোয়া গার্ল’ হিসেবে নৃত্য পরিবেশন করে সবার মন জয় করেছিলেন। ১৯৬১ সালে বড়পর্দায় ‘Something Wild’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। তিনি ‘Alice Doesn’t Live Here Anymore’, ‘Wild at Heart’ ও ‘Rambling Rose’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কার পুরস্কারে মনোনয়ন লাভ করেন।
১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহিত ছিলেন। তাদের দুই সন্তান ছিল একজন হলো অস্কার বিজয়ী লরা ডার্ন, আর অন্যজন ডায়ান এলিজাবেথ যিনি ১৯৬২ সালে এক দুর্ঘটনায় মারা যান।
পতাকানিউজ/এনএফএম

