গাজীপুরে আবারো গোপনে বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ৫ মণ মাংস জব্দ এবং ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
মঙ্গলবার, ৪ নভেম্বর গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকার একটি গোপন কসাইখানায় গাজীপুর জেলার প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র্যাব-১ ও পুলিশ যৌথভাবে ওই অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, হায়দারাবাদ এলাকার নিজ বাড়িতে গোপন কসাইখানা তৈরী করে শফিকুল ইসলাম ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার রাতেও ঘোড়া জবাই ও মাংস তৈরীর কাজ করছিল ১০-১২জন। গোপন সূত্রে খবর পেয়ে ওই কসাইখানায় অভিযান চালানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এ চক্রের হোতা শফিকুল ইসলামসহ অন্যরা গোপন পথে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৫ মণ ঘোড়ার মাংস এবং ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার হওয়া ঘোড়াগুলোর অধিকাংশ রুগ্ন । এসব রুগ্ন ঘোড়ার মাংস খেলে মানবদেহের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, চলতি বছরের শুরু দিকে গাজীপুরের হায়দরাবাদ ঘোড়ার মাংস বিক্রি শুরু করেন শফিকুল ইসলাম। প্রথমে প্রতি শুক্রবার একটি ঘোড়া জবাই করা হতো। ধীরে ধীরে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। জানতে পেরে জেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেন। কয়েকদিন বন্ধ থাকলেও ফের গোপন কসাইখানায় ঘোড়ার মাংস বিক্রি শুরু হলে গত মাসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জবাই করা মাংস ও কয়েকটি ঘোড়া জব্দ করে বিক্রেতা শফিকুল ইসলামকে আর্থিক জরিমানা করে। তাতেও বিক্রি বন্ধ না করে আরো বড় আকারে প্রতিদিন রাতে ঘোড়া জবাই ও মাংস বিক্রি করে আসছিল শফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, দাম কম হওয়ায় এসব ঘোড়ার মাংস বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টে গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো।
পতাকানিউজ/এসএএস/এমওয়াই

