বগুড়ার গাবতলী উপজেলার জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভুট্টু ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বাধীন (১৮) নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার, ৯ অক্টোরব সন্ধ্যা ৬টায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভুট্রু ইসলাম একই গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। আহত স্বাধীন একই এলাকার আবু সাইদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুট্রু ও তার পরিবার একটি জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। ওই জমি স্বাধীন ও তার পরিবারের সদস্যরা নিজেদের বলে দাবি করে আসছিল। এ নিয়ে উভয় পরিবারের মাঝে বিরোধ চলছিল। এর জেরে আজ সন্ধ্যা ৬টায় দুপরিবারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ভুট্রু ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া অপরপক্ষের স্বাধীন নামে এক যুবক গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতারে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, ‘খবর পেয়েছি। মরদেহ দেখতে সারিয়াকান্দি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি।’
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে ধারালো দা’র কোপে ওই ব্যক্তি নিহত হয়েছেন।’
পতাকানিউজ/পিএম/আরবি

