পাবনায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক অসহায় বৃদ্ধ বাবা। রবিবার, ২৬ এপ্রিল তার বেঁচে থাকার আত্মনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবা মো. আব্দুল গণি প্রামানিককে নির্মম নির্যাতন ও রক্তাক্ত করে পাঠানো হয় হাসপাতালে। প্রতিনিয়ত দেয়া হচ্ছে হত্যার হুমকি। অবশেষে উপায় না দেখে থানার দারস্থ হয়েছেন তিনি। ছেলে মো. উজ্জল প্রামানিক (৪৫) ও ছেলের স্ত্রী কনা খাতুনের (৩৭) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি ।
এদিকে কিছুদিন আগে ছেলে উজ্জ্বল মিথ্যা মামলা দিয়ে তার বৃদ্ধ বাবা আব্দুল গণিকে জেলহাজতে পাঠায়।
পাবনা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়া (সাঁকোর সংলগ্ন এলাকায়) এ ঘটনা ঘটে।
বৃদ্ধ আব্দুল গণি একই এলাকার মৃত ইনাজ উদ্দিন ওরফে আফেজ প্রামানিকের ছেলে।
ভুক্তভোগী মো. আব্দুল গনি প্রামানিক বলেন, ‘সম্পত্তি লিখে দেয়ায় দীর্ঘদিন ধরে ছেলে উজ্জল ও তার স্ত্রী কনা খাতুন চাপ দিয়ে আসছিল। কিন্তু সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানানোর কারণে প্রথমে মিথ্যা মামলা দিয়ে ছেলে জেলে পাঠায় এবং হত্যার হুমকি দেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন গত ১১ এপ্রিল পুনরায় জমি লিখে দিতে ছেলে ও পুত্রবধূ তার ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু তিনি জমি লিখে দিতে অস্বীকার করায় ছেলে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এসময় পুত্রবধূ তাকে চেপে ধরে রাখেন। এরপর ঘর থেকে একটি জিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে আপাতত প্রাণে বেঁচে গেলেও ছেলে ও পুত্রবধূর হাতে নির্মম নির্যাতনে শিকার হয়ে সামাজিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান বৃদ্ধ আব্দুল গণি।
চোখে জল নিয়ে বৃদ্ধ আব্দুল গনি প্রামানিক বলেন, ‘যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, আজ সেই ছেলের হাতেই আমাকে মার খেতে হলো। এখন আমি কোথায় যাবো, কার কাছে এর বিচার চাইবো?।
অভিযোগ বিষয়ে ছেলে উজ্জল প্রামানিক জানান, জমি নিয়ে বাবার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছে। বিরোধের কারণে ঘরে তালা লাগিয়ে তাকে এখন ঘরে ঢুকতে দিচ্ছে না তার বাবা । তাই তিনি আবারও বাবা আব্দুল গণির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানতে চাইলে পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই শফিকুল ইসলাম জানান, ‘এ বাবা-ছেলের পাল্টাপাল্টি দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/এমএমএইচ/আরবি

