বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের প্রত্যন্ত গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় চার দশক ধরে এলাকার হাজারো শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তুললেও বর্তমানে বিদ্যালয়টির জরাজীর্ণ ভবন ও অবকাঠামোগত সংকটে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
সরেজমিন বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়, দীর্ঘদিনের পুরোনো তিন কক্ষবিশিষ্ট ভবনটি এখন প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের ছাদের পলেস্তারা নিয়মিত খসে পড়ছে এবং বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভবনের অংশবিশেষ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টি শুরু হলেই ছাদের বিভিন্ন ছিদ্র দিয়ে পানি চুঁইয়ে শ্রেণিকক্ষের ভেতরে পড়ে। এতে শ্রেণিকক্ষের মেঝে ভিজে যায় এবং স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়। অনেক সময় শিক্ষার্থীদের ছাতা মাথায় দিয়েই ক্লাস করতে হয়। এমন অবস্থায় কোমলমতি শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান ও ইসরাফিল হোসেন জানায়, ভবনের ছাদ ও দেয়ালের অবস্থা দেখে তারা প্রায়ই আতঙ্কে থাকে। যেকোনো সময় ছাদের অংশ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
শুধু পাঠদান নয়, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। অতিবৃষ্টির সময় প্রধান শিক্ষকের কার্যালয়ে পানি ঢুকে মেঝে ভিজে যায়। ফলে গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট এবং সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুর্শিদা বেগম বলেন, বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা সম্পর্কে আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। দ্রুত নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সহকারী শিক্ষক মেহেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ প্রয়োজন।
এ বিষয়ে গাবতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিদ্যালয়টির অবস্থা অত্যন্ত নাজুক। শুধু এ বিদ্যালয় নয়, গাবতলী উপজেলায় বর্তমানে ৮১টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পতাকানিউজ/পিএম/আরবি

