স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে।’
সোমবার, ২৩ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা হবে।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে সেগুলো আমরা আবারও যাচাই-বাছাই করব। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না, আমরা সেটা খতিয়ে দেখব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘ আমরা আশা করি, এটা দ্রুততার সঙ্গে করতে পারব। লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা, সেটা যাচাই-বাছাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।’
জনপ্রত্যাশা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই সরকারের লক্ষ্য বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ।
পতাকানিউজ/আরবি

