কক্সবাজার উপকূলে পৃথক তিনটি অভিযানে ‘জলদস্যু’ পারভেজ বাহিনীর ১০ সদস্য এবং ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে। একইসঙ্গে ডাকাতদের কবলে জিম্মি থাকা ৩ জেলে এবং গভীর সমুদ্রে ভাসমান ৯ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার, ১১ এপ্রিল দুপুরে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
তিনি জানান, শুক্রবার, ১০ এপ্রিল রাত ৯টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজারের একটি আভিযানিক দল কলাতলী বিচ সংলগ্ন সমুদ্রে অভিযান চালায়। এসময় একটি সন্দেহভাজন ফিশিং বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। বোটটি তল্লাশি করে ২টি দেশি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও দেশি অস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক করা হয়। এসময় বোটসহ জিম্মি থাকা ৩ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।
এদিকে একইদিন রাত ১২টা ও রাত ৩টায় চট্টগ্রাম এবং কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় পৃথক দুটি অভিযান চালানো হয়। শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৫ হাজার লিটার ডিজেল, লুব্রিকেন্ট ও গ্যাস সিলিন্ডারসহ ৫ পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও ৪৫০ বস্তা সিমেন্টসহ আরও ৩ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
অপরদিকে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবির শিকার ৯ জন বাংলাদেশিকে (৮ জন পুরুষ ও ১ জন নারী) জীবিত উদ্ধার করা হয়েছে। গত ১ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ‘এমটি মেঘনা প্রাইড’ নামক একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে। শনিবার ভোররাত ২টায় জাহাজটি উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজ মনসুর আলীর কাছে হস্তান্তর করে।
লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, আটককৃত ডাকাত, পাচারকারী এবং উদ্ধারকৃত মালামাল ও ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পতাকানিউজ/এনএ/আরবি

