চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার, ২১ এপ্রিল সকালে নগরীর বাকলিয়া এলাকায় নালা-খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি সরেজমিনে কাজ পরিদর্শন করেন এবং নিজ হাতে নালা থেকে ময়লা উত্তোলন করে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
চসিক সূত্র জানায়, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর জলাবদ্ধতা কমাতে এ ধরনের কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাল-নালা থেকে পলি ও বর্জ্য অপসারণের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ভোগান্তি কমিয়ে আনা যায়।
এর আগে ১৯ এপ্রিল, রবিবার সকাল সাড়ে ৯টায় নগরীর জামাল খান লিচু বাগান এলাকা থেকে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
পতাকানিউজ/আরবি

