জাতীয় গণমাধ্যম সপ্তাহ শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি আত্মসমালোচনা, আত্মমর্যাদা ও দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ সময়। রাজধানীর আলোকিত নিউজরুমের বাইরে, দেশের প্রত্যন্ত অঞ্চল উপজেলা, ইউনিয়ন, গ্রাম—এসব জায়গায় প্রতিদিন যে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজ চলছে, তার বড় অংশই নির্ভর করে মফস্বল সাংবাদিকদের উপর। অথচ এই বিশাল অবদান অনেক সময়ই থেকে যায় আড়ালে।
মফস্বলের সাংবাদিকতা এক ভিন্ন বাস্তবতার নাম। এখানে নেই পর্যাপ্ত নিরাপত্তা, আর্থিক নিশ্চয়তা ও আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা। তবুও একজন মফস্বল সাংবাদিক প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করেন। কখনো প্রভাবশালীদের বিরুদ্ধে, কখনো অপরাধচক্রের বিরুদ্ধে, কখনো বা সামাজিক নানা ব্যাধির বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে স্থানীয় ক্ষমতাবানদের চাপ, হুমকি কিংবা মামলার ভয় নিয়েই সংবাদ সংগ্রহ করতে হয়।
জাতীয় গণমাধ্যম সপ্তাহে তাই সবচেয়ে বেশি উচ্চারিত হওয়া উচিত মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি। কারণ, একটি দেশের গণমাধ্যম শক্তিশালী হতে হলে তার শিকড়কে শক্তিশালী করে গড়ে তোলতে হবে। সেই শিকড়ের নাম—মফস্বল সাংবাদিকতা।
মফস্বল সাংবাদিকদের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে পেশাগত স্বীকৃতি ও ন্যায্য পারিশ্রমিকের অভাব। অনেকেই বছরের পর বছর কাজ করেও স্থায়ী নিয়োগ পান না, ভাতা বা সম্মানীর পরিমাণ থাকে নগণ্য। অথচ জাতীয় পর্যায়ের বড় বড় সংবাদ অনেক সময়ই আসে এই মফস্বল থেকেই।
এছাড়া প্রশিক্ষণের অভাব, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং তথ্যপ্রাপ্তির বাধাও মফস্বল সাংবাদিকতার জন্য পর্বতসম বাধা। ডিজিটাল যুগে সাংবাদিকতার ধরণ বদলে গেলেও মফস্বলের অনেক সাংবাদিক এখনো প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত।
এই প্রেক্ষাপটে জাতীয় গণমাধ্যম সপ্তাহ হতে পারে নতুন অঙ্গীকারের সময়। প্রয়োজন—মফস্বল সাংবাদিকদের জন্য নিরাপত্তা আইন কার্যকর করা, ন্যায্য পারিশ্রমিক ও চাকরির নিশ্চয়তা, নিয়মিত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা ও স্থানীয় পর্যায়ে তথ্যপ্রাপ্তি সহজ করা।

মফস্বল সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না, তারা সমাজের দর্পণ, জনগণের কণ্ঠস্বর এবং অনেক ক্ষেত্রে ন্যায়বিচারের প্রথম ধাপ। তাদের কাজের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত না হলে গণমাধ্যমের সামগ্রিক অগ্রগতি প্রায় অসম্ভব।
জাতীয় গণমাধ্যম সপ্তাহ আমাদের সেই কথা মনে করিয়ে দেয়—সংবাদপত্রের পাতায় যে খবর আমরা দেখি, তার পেছনে অনেক অজানা সংগ্রাম, ত্যাগ ও সাহস জড়িয়ে থাকে। আর সেই গল্পের বড় অংশের রচয়িতা মফস্বলের নিরলস সাংবাদিকরা।
লেখক : সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

