আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল আংশিক সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তফসিলে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো হয়েছে। একই সঙ্গে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।
শনিবার, ২০ ডিসেম্বর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত, যা আগে ছিল ৫ থেকে ১১ জানুয়ারি। আর আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি, যা আগে ছিল ১২ থেকে ১৮ জানুয়ারি।
এর আগে গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
পতাকানিউজ/এআই

