গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁদ বলেন, গতকাল (০৫ সেপ্টেম্বর) শাহবাগে সমাবেশের পর আমাদের নেতাকর্মীরা কাকরাইলে যায়নি। সেখানে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে আমাদের দল জড়িত নয়।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানানোর স্পর্ধা দেখিয়েছে। জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ফ্যাসিবাদের ঠাঁই এই দেশে হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, নুরুল হক নুর কোনো কিছু মনে রাখতে পারছে না। শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। একটি মহল চায় না নুরকে বিদেশে পাঠানো হোক। নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় হঠাৎ একটি মিছিল নিয়ে এসে একদল লোক কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়।
জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে এই হামলার করা হয় বলেও অভিযোগ করেন তারা।
পতাকানিউজ/আইবিএম

