জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহার করা হয়েছে। বাদীরা মামলা প্রত্যাহারের আবেদন করায় আদালত আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে মামলা পরিচালনার কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশও প্রত্যাহার করেছেন। গত মঙ্গলবার, ১২ আগস্ট ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোবায়েত ফেরদৌস এ আদেশ দেন।
বুধবার, ১৩ আগস্ট জিএম কাদেরের আইনজীবী মনোয়ার হোসাইন আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২ আগস্ট মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন বাদীপক্ষ। ১২ আগস্ট শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ৩০ জুলাই জিএম কাদের ও মাহমুদুল আলমের দলীয় কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। একইসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জনের প্রাথমিক পদসহ সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়।তারা হলেন-জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির দফতর সম্পাদক-২ এম. এ রাজ্জাক খান, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার (ফেনী), প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল), প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ (জামালপুর), প্রেসিডিয়াম সদস্য জসীম উদ্দিন (নেত্রকোনা) এবং প্রেসিডিয়াম সদস্য আরিফুর রহমান খান (গাজীপুর)।
আদালত আদেশে জ্যেষ্ঠতার ভিত্তিতে ক্রমানুসারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থী জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল ডেকে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ ৭ জনকে, পরে আরও ৩ জনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়। যাদের অব্যাহতি দেওয়া হয়েছিল ইসলাম মাহমুদসহ ১০ জনের পক্ষে গত ১০ জুলাই এ মামলাটি করা হয়।
প্রসঙ্গত, জিএম কাদেরের কার্যক্রমে ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করার পর গত ৯ আগস্ট জাতীয় পার্টিতে জিএম কাদেরের বিরোধী অংশের জাতীয় সম্মেলন হয়। ওই সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত করা হয় আনিসুল ইসলাম মাহমুদকে এবং মহাসচিব করা হয় রুহুল আমিন হাওলাদারকে। পাশাপাশি এই অংশের সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত হন কাজী ফিরোজ রশিদ এবং নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক মহাসচিব মজিবুল হক চুন্নু। তবে জিএম কাদের অংশ ওই সম্মেলনসহ পুরো প্রক্রিয়াকে ‘বেআইনি’ এবং ‘গঠনতন্ত্রবিরোধী’ বলে মনে করছে। তারা এই সম্মেলনে অংশ নেননি।
পতাকানিউজ/এএ/আরবি

