ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক বলেছেন, বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নানাভাবে জামায়াতকে হুমকি-ধমকি দিচ্ছে ও অপপ্রচার চালাচ্ছেন। নির্বাচনী সভায় মিন্টু বলেছেন – ‘আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না’। এ কথায় সুগভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।
৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগে করেন। এসময় তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
ভোটের আগ মুহূর্তে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছেন ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিও জানান তিনি। প্রার্থী অভিযোগ করেন- প্রচারণায় জামায়াতে ইসলামীর কর্মীরা বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হচ্ছেন। এছাড়া দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাররবিভিন্ন ওয়ার্ডে দাঁড়িপাল্লার পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।
তাঁর দাবি, হলফনামায় চিকিৎসক উল্লেখ করলেও প্রতিপক্ষ বিষয়টি নিয়ে অপপ্রচার করছে।
সংবাদ সম্মেলনে তিনি ফেনী-৩ আসনে জামায়াতের ইশতেহার তুলে ধরেন। এসময় রাজনৈতিক বিভাজন দূর করে প্রতিহিংসা বন্ধের আহবান জানিয়ে বলেন, ‘সবাইকে নিয়ে আসনটিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। নদী ভাঙ্গনরোধকে প্রধান সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন জামায়াতে ইসলামীর এই প্রার্থী।
সংবাদ সম্মেলনে ফেনী জেলা জামায়াত ইসলামীর আমীর মুফতী আবদুল হান্নান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-পতাকানিউজ/এএএম

