জামায়াতে ইসলামীর আমির পদে নারীর আসা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার আল–জাজিরার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
‘বাংলাদেশ নির্বাচন: জামায়াতে ইসলামীর পুনরুত্থান’ শিরোনামে প্রচারিত এই সাক্ষাৎকারটি নিয়েছেন আল–জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। সাক্ষাৎকারের ভূমিকায় তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এবং জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী আবার আলোচনার কেন্দ্রে এসেছে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী, আসন্ন নির্বাচনে জামায়াত একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।
সাক্ষাৎকারে সাংবাদিক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা, ইসলামি আইন চালু, নারীর অবস্থান, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ পরিচয়, গণতন্ত্র ও সংখ্যালঘু নিরাপত্তা—এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দলটির অবস্থান জানতে চান।
নারী নেতৃত্ব প্রসঙ্গ
নারী বিষয়ক এক প্রশ্নের জবাবে জামায়াত আমির জানান, এবারের নির্বাচনে তাঁদের দল থেকে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াতের প্রধান পদে নারী আসতে পারেন কি না—এমন প্রশ্নে শফিকুর রহমান স্পষ্টভাবে বলেন, ‘এটি সম্ভব নয়।’ এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘আল্লাহ প্রত্যেককে তাঁর নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। কিছু শারীরিক অসুবিধা রয়েছে, যা অস্বীকার করা যায় না। একজন মা যখন সন্তান জন্ম দেন, তখন তিনি কীভাবে এই দায়িত্ব পালন করবেন? এটি সম্ভব নয়।’
ইসলামি আইন চালু প্রসঙ্গ
জামায়াত ক্ষমতায় এলে দেশে ইসলামি আইন চালু করা হবে কি না—এ প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘যদি দেশের মঙ্গলের জন্য এটি অপরিহার্য হয়, তবে সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি আমি নই, সংসদই স্থির করবে।’ তিনি জোর দিয়ে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
সংস্কৃতি ও গণমাধ্যমের স্বাধীনতা
জামায়াতের উত্থান সাংস্কৃতিক বৈচিত্র্য ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হতে পারে—এমন উদ্বেগের কথাও তোলেন সাংবাদিক। রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে এ বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চান তিনি।
জবাবে শফিকুর রহমান বলেন, তাঁরা এসব বক্তব্য সমর্থন করেন না এবং এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির আমাদের কোনো অঙ্গসংগঠন নয়; এটি জামায়াতের আইনি কাঠামোর অংশ নয়। মানুষ ভুল করতে পারে, তাকে সংশোধন করতে হবে। যদি তারা পুনরায় এমন কিছু করে, তবে ব্যবস্থা নেওয়া হবে।’
সংখ্যালঘু ও সহিংসতার অভিযোগ
সংখ্যালঘুদের ওপর হামলায় জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেন দলটির আমির। তিনি বলেন, ‘জামায়াতের কেউ কখনো এ ধরনের ভাঙচুর বা হামলায় জড়িত ছিল না। গত ১৫ বছরে যা–ই ঘটেছে, সব কিছুর দায় আমাদের ওপর চাপানো হয়েছে, কিন্তু আদালতে একটি মামলাও প্রমাণিত হয়নি।’ আগস্টের অভ্যুত্থানের পর সংঘটিত হামলা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের কথাও তিনি প্রত্যাখ্যান করে বলেন, এগুলো ‘মিথ্যা অপপ্রচার’।
১৯৭১ ও যুদ্ধাপরাধ প্রসঙ্গ
১৯৭১ সালে বাঙালির ওপর নৃশংসতার ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগও নাকচ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘তৎকালীন জামায়াতের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, কোনো সশস্ত্র বাহিনীর নয়। আমাদের নেতারা মনে করেছিলেন, ভারতের সহায়তায় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হলে বাংলাদেশ ভারতের আরেকটি আধিপত্যে পড়বে।’
আল–জাজিরার সাংবাদিক এ সময় জামায়াত–সংশ্লিষ্ট আধা সামরিক বাহিনীর হাতে বুদ্ধিজীবী হত্যার প্রমাণের কথা উল্লেখ করলে তিনি বলেন, ‘সেই বাহিনীগুলো পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। যদি কেউ অপরাধ করে থাকে, তবে স্বাধীনতার পর কেন তাদের বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি? শেখ মুজিবুর রহমান নিজেই ১৯৫ জন যুদ্ধাপরাধীর তালিকা করেছিলেন, যারা সবাই ছিল পাকিস্তানি সেনা।’
ভারত ও শেখ হাসিনা
ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকার করলে জামায়াত কী করবে—এ প্রশ্নে শফিকুর রহমান বলেন, ‘আমরা ভারতের সঙ্গে ফলপ্রসূ সংলাপ করব। আমরা প্রতিবেশীদের কোনো অস্বস্তিতে ফেলব না এবং তাদের কাছ থেকেও পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস আশা করি।’
তরুণদের সমর্থন নিয়ে আশাবাদ
তরুণ প্রজন্ম জামায়াতকে গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলটির আমির। তিনি বলেন, ‘সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের ছাত্রসংগঠনের পক্ষে রায় দিয়েছে। তারা বিশ্বাস করে, তরুণদের মর্যাদা ও অধিকার আমাদের মাধ্যমেই রক্ষিত হবে।’
সূত্র : আল জাজিরা
-পতাকানিউজ

