ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল শুধু ক্ষমতার পালাবদলের গল্প নয়; বরং দেশের ডানপন্থী ও ইসলামপন্থী রাজনীতির অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। দীর্ঘদিন জোট-নির্ভর ও সহায়ক শক্তি হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার নিজেদের রাজনৈতিক সক্ষমতার নতুন বার্তা দিয়েছে—এককভাবে ৬৮টি আসনে জয় পেয়ে দলটি তার ইতিহাসের সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে।
৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়া এই নির্বাচনে বেসরকারি ফলাফলে জামায়াত জোটগতভাবে পেয়েছে ৭৭টি আসন। সরকার গঠনের পর্যায়ে না পৌঁছালেও এই ফলাফল দলটিকে সরাসরি প্রধান বিরোধী শক্তির আসনে বসাচ্ছে। অন্যদিকে বিএনপি এককভাবে ২০৯টি এবং জোটগতভাবে ২১২টি আসনে জয় পেলেও নির্বাচনের বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে জামায়াতের উত্থান।
জোটের ছায়া থেকে স্বতন্ত্র অবস্থানে
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে জামায়াতের আসন জয় সাধারণত জোট রাজনীতির ওপর নির্ভরশীল ছিল। ১৯৯১ সালে ১৮টি, ২০০১ সালে ১৭টি এবং ২০০৮ সালে মাত্র ২টি আসনে জয় পাওয়া দলটি ১৯৯৬ সালে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে পেয়েছিল মাত্র ৩টি আসন। সেই তুলনায় এবারের ফলাফল শুধু সংখ্যার দিক থেকে নয়, রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রেও বড় পরিবর্তন জানান দিয়েছে বেশ স্পষ্ট করেই।
প্রায় ১৭ বছর পর জামায়াত নিজস্ব নেতৃত্বে জোট গঠন করে বিএনপির বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামে। বিশ্লেষকদের মতে, এটি শুধু নির্বাচনী কৌশল নয়; বরং দীর্ঘদিনের ‘সহযোগী’ রাজনৈতিক দলের ভূমিকা থেকে বের হয়ে স্বতন্ত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে জামায়াতে ইসলামী।
পাল্টা যুক্তি
তবে এই উত্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। বাম ঘরনার রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আওয়ামী লীগ সরকারের থাকার সময় দীর্ঘদিন গণতন্ত্রের ওপর চাপ এবং রাজনৈতিক দমন-পীড়নের পরিবেশ উগ্রপন্থী শক্তির উত্থানকে উৎসাহিত করেছে। আওয়ামী লীগ যদি ক্ষমতা ধরে রাখতে দুঃশাসন না চালাতো তাহলে এই ভোটের মাঠেও আওয়ামী লীগ প্রতিদ্বন্ধিতা থাকার সুযোগ পেতো। সেই ক্ষেত্রে ত্রি-মুখি লড়াই হলে জামায়াতে ইসলামীর এই উত্থান কোনোভাবেই হতো না। বরং দলটির প্রকৃত ভোটার চিত্র পাওয়া যেতো। এই প্রকৃত চিত্র পাওয়া যায়নি দ্বিমুখী প্রতিদ্বন্ধিতার কারণে।
অবশ্য, বিশ্লেষকদের মতে আরেকটি দিক ফুটে উঠেছে, জামায়াতে ইসলামী রাজধানী ঢাকা কেন্দ্রিক যে ভোট ব্যাংক তৈরিতে মনোযোগী হয়েছিল বলে আগেই ধারণা পাওয়া যাচ্ছিল, সেটির প্রতিফলন এবারের নির্বাচনে ঘটেছে। দলটি ঢাকার আসনগুলোতে বেশ ভালো ফল করেছে।

রাজধানীতে নজরকাড়া অগ্রগতি
জামায়াতের এবারের বড় সাফল্যের দিক হলো রাজধানী ঢাকায় তাদের বড় ধরনের অগ্রগতি। অতীতে যেখানে ঢাকা মহানগরে দলটি একটি আসনও পায়নি, সেখানে এবার ১৫টি আসনের মধ্যে ৬টিতে জয় পেয়েছে—ঢাকা-৪, ৫, ১২, ১৪, ১৫ ও ১৬। এছাড়া জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে জয়ী হয়েছেন।
ঢাকার আরও পাঁচটি আসনে (ঢাকা-৭, ৮, ১০, ১৩ ও ১৭) তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং কিছু ক্ষেত্রে অল্প ভোটের ব্যবধানে পরাজয় দলটির নগরভিত্তিক ভোটব্যাংক তৈরির বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বিশেষ করে ঢাকা-১০ আসনে ৩ হাজার ৩০০ এবং ঢাকা-৭ আসনে ৬ হাজার ১৮৩ ভোটের ব্যবধানে হার রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ভৌগোলিক শক্তির পুনর্বিন্যাস
ফলাফলের ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল জামায়াতের প্রধান শক্তিক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। খুলনা বিভাগের ৩৬টির মধ্যে ২৫টি, রংপুর বিভাগের ৩৩টির মধ্যে ১৬টি এবং রাজশাহী বিভাগের ৩৯টির মধ্যে ১১টি আসনে জয় দলটির আঞ্চলিক ভিত্তির দৃঢ়তা নির্দেশ করে।
সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সব আসনে জয় আঞ্চলিক সংগঠন ও মাঠপর্যায়ের নেটওয়ার্কের কার্যকারিতা তুলে ধরে। রংপুর ও কুড়িগ্রামের সব আসন জোটগতভাবে জয়ী হওয়াও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে।
তবে ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে দলটির উপস্থিতি তুলনামূলক দুর্বল—৫৮টির মধ্যে মাত্র ৩টি আসনে জয় পেয়েছে। সিলেট বিভাগেও একক সাফল্য নেই; সেখানে জোটের শরিক খেলাফত মজলিস একটি আসন পেয়েছে।

ভোটের সমীকরণে নতুন প্রবণতা
এবারের নির্বাচনে তরুণ ও নারী ভোটারদের একটি অংশ জামায়াতের দিকে ঝুঁকেছে—এমন আলোচনা রাজনৈতিক মহলে জোরালো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক সাফল্য এবং সাংগঠনিক পুনর্গঠনকে অনেক বিশ্লেষক এর পেছনের কারণ হিসেবে দেখছেন।
গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের দল এনসিপির সঙ্গে নির্বাচনী জোট নতুন ভোট-সমীকরণ তৈরি করেছে বলেও ধারণা করা হচ্ছে। এই জোটের মাধ্যমে জামায়াত তরুণ ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করেছে—যা ফলাফলে আংশিকভাবে প্রতিফলিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত দীর্ঘদিনের রক্ষণশীল ডানপন্থী পরিচয় থেকে মধ্য-ডানপন্থী দল হিসেবে নিজেদের পুনঃব্র্যান্ডিংয়ের চেষ্টা করেছে। জাতীয়তাবাদী ও ইসলামী ঘরানার ভোট দীর্ঘদিন বিএনপির নিয়ন্ত্রণে থাকলেও এবার সেই ভোটে জামায়াত উল্লেখযোগ্য অংশীদার হয়েছে।
ভবিষ্যৎ রাজনীতিতে কী ইঙ্গিত?
বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামীর এবারের ফলাফল বাংলাদেশের বিরোধী রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। বিএনপি ক্ষমতায় থাকলেও ডানপন্থী ভোটব্যাংকের ভেতরে প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে সংসদে শক্তিশালী বিরোধী উপস্থিতি হিসেবে জামায়াতের ভূমিকা ভবিষ্যৎ আইন প্রণয়ন, রাজনৈতিক মেরুকরণ এবং জোট রাজনীতির গতিপথে নতুন প্রভাব ফেলতে পারে।
এখন প্রশ্ন—এই উত্থান কি কেবল একটি নির্বাচনী মুহূর্তের ফল, নাকি দীর্ঘমেয়াদি রাজনৈতিক পুনর্গঠনের সূচনা? তার উত্তর নির্ভর করবে সংসদে দলটির ভূমিকা, সংগঠন বিস্তার এবং ভোটারদের সঙ্গে নতুন সম্পর্ক কতটা স্থায়ীভাবে গড়ে তুলতে পারে তার ওপর।
-পতাকানিউজ

