জামায়াত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না বরং জান্নাতের পথ দেখায় বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ। শনিবার, ২৯ নভেম্বর সন্ধ্যায় সোনাইমুড়ী আলিয়া মাদরাসার সামনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণমিছিল ও গণসংযোগ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বিকেলে সোনাইমুড়ী আলিয়া মাদরাসা মাঠ থেকে গণমিছিল ও গণসংযোগ অনুষ্ঠান শুরু হয়। সোনাইমুড়ী পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও গণসংযোগ শেষে সন্ধ্যায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে ৫ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ বলেন, ‘দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজের কবর রচনা করা হবে। কোনো সন্ত্রাস চাঁদাবাজের ঠাই হবে না। এদেশে চাঁদাবাজ, সন্ত্রাসী ও টেন্ডারবাজকে মানুষ চায় না। মানুষ জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়।’
তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো। যেখানে অর্থনীতি হবে শক্তিশালী, জনগণ হবে আত্মনির্ভরশীল এবং উন্নয়ন হবে টেকসই। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও দৃঢ় করা হবে। দেশীয় উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো হবে। আধুনিক প্রযুক্তি শিক্ষার প্রসার, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা করা হবে। জবাবদিহিমূলক প্রশাসন গঠন করে উন্নয়নকে গতিশীল করা এবং স্বচ্ছ শাসনব্যবস্থা নিশ্চিত করা হবে।’
জামায়াত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না বরং জান্নাতের পথ দেখায় উল্লেখ করে অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে আমরা নাকি ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করি। জামায়াত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না বরং জান্নাতের পথ দেখায়। জামায়াত ইসলামী কোনোদিনই ‘জান্নাতের টিকিট’ বিক্রি করেনি, করে না এবং ভবিষ্যতেও করবে না। বরং আমরা মানুষের সামনে সত্য, ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধের পথে চলার আহ্বান জানাই।
পতাকানিউজ/এইচএএ/এএইচ

