জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। চট্টগ্রামে এক সমাবেশে তিনি প্রশাসনকে রাজনৈতিক নির্দেশনায় পরিচালিত করার মতো মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে সমালোচনা উস্কে দেয়। বিষয়টি নজরে আসার পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাতে দেওয়া প্রতিবাদলিপিতে পুলিশের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি জানায়, উক্ত বক্তব্য একটি গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয় সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহারের অনাকাঙ্ক্ষিত বার্তা দেয় এবং পুলিশের পেশাদার মর্যাদাকে অবমাননা করে। তাদের ভাষায়, এটি ‘উচ্চাকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য হেয়প্রতিপন্নকারী’ মন্তব্য।
জানা যায়, শাহজাহান চৌধুরী গত শনিবার চট্টগ্রামে একটি সমাবেশে নির্বাচনি এলাকায় প্রশাসনকে দলীয় প্রভাবাধীন রাখার কথা বলেন। বক্তব্যটি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের প্রতিবাদলিপিতে আরও জানায়, সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশ পরিচালিত হয়। গত ১৭ বছরে কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্যকে ব্যবহার করে প্রতিষ্ঠানটিকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল, যা পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল। তবে ৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর থেকে পুলিশ আরও নিরপেক্ষ, পেশাদার ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালন করছে।
সংগঠনটি জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ এখন কোনো দল বা মতের পক্ষে না গিয়ে আইন, বিধি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সময় শেষ হয়েছে—এখন পুলিশের মূল প্রতিশ্রুতি পেশাদারিত্ব ও জনগণের সেবা নিশ্চিত করা।
পতাকানিউজ/এনটি

