জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিরোধিতায় দল ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব মো. তারেক রহমান।
রবিবার, ২৮ ডিসেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে তারেক রহমান লেখেন, জামায়াতের কারণে যারা এনসিপি ছাড়ছেন, তারা চাইলে আমজনতার দলে যোগ দিতে পারেন। তিনি দাবি করেন, তাদের রাজনৈতিক ইতিহাসে যুক্তি–তর্কের লড়াই আছে, কিন্তু কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি নেই। দলের জন্য প্রয়োজনে জনতার কাছে হাত পেতেছেন, তবে কারও ওপর চাপিয়ে অর্থ সংগ্রহ করেননি বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনে এসব নেতাকে সহযোগিতা করার কথাও জানান তারেক রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলীয় সূত্র জানায়, জোটের অংশ হিসেবে জামায়াতের কাছে ৫০টি আসন দাবি করেছে এনসিপি। এ নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত এনসিপি ৩০টি আসন পেতে পারে বলেও ওই সূত্র জানিয়েছে।
জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তকে কেন্দ্র করে এরই মধ্যে এনসিপিতে ভাঙনের ইঙ্গিত মিলেছে। শনিবার, ২৭ ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগ করে নির্বাচনে না যাওয়ার কথা জানান। এ ছাড়া জোটের বিরোধিতা করে কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।
তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি বলেন, সংস্কার বাস্তবায়নের লক্ষ্যেই সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সংস্কারের লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও আলোচনার পথ সবসময় খোলা রয়েছে।
পতাকানিউজ/এআই

