বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করায় বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার, ১৭ আগস্ট সকালে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে এ পদত্যাগপত্র জমা দেন জামায়াতে ইসলামী সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিলে থাকা ৭ আইন কর্মকর্তা।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের আইন কর্মকর্তাদের মধ্য যারা পদত্যাগ করেছেন তারা হচ্ছেন-অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত জিপি এমদাদুল ইসলাম, এপিপি আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইন্দ্রজিৎ ও আতাউর রহমান সবুজ। ২০২৪ সালের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বগুড়া জর্জ কোর্টে এ আইনজীবীরা রাস্ট্রীয় দায়িত্ব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, আতাউর রহমান সবুজ, সাইফুদ্দীন সাইফুল, দলিলুর রহমান, আল-আমিনসহ প্রমুখ।
পদত্যাগকারী এপিপি শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একইভাবে বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আমি উদ্বিগ্ন। এছাড়া ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাই পূর্ব অবস্থায় ফিরে যাওয়ায় বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে ।
তিনি বলেন, এসকল ঘটনা সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে, আমার বিবেকের তাড়নায় আমি এ পদে থেকে আমার দায়িত্ব পালন করতে পারছি না বিধায় পদত্যাগ করলাম।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, আজ দুপুরে ৭ জন আইন কর্মকর্তা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধি অনুসারে তা ঢাকায় পাঠানো হবে।
পতাকানিউজ/পিএম/আরবি

