বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক গণমাধ্যমকে জানান, বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হতে পারে। জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে জিয়া উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করার প্রস্তুতি রয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল ছিল এবং তিনি সংকটময় সময় পার করছিলেন।
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং সাত দিনব্যাপী কোরআন তেলাওয়াতের আয়োজন করা হবে।
পতাকানিউজ/এআই

