জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এবারের নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি।
মঙ্গলবার, ৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে সিইসি এ কথা বলেন। সংলাপে অন্য ৪ নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ‘দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এবার জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই।’
নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনের মাঠে কাজ করেছেন। কোথায় কী সমস্যা, কোথায় গ্যাপ—আপনারা জানেন। আপনাদের সুচিন্তিত মতামত আমরা বিবেচনা করব। সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’
সিইসি জানান, প্রবাসী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা একটা হাইব্রিড মডেল তৈরি করেছি। পারব কি না জানি না, তবে চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, এবিউজ অব এআই, সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহারসহ নতুন নতুন চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশনকে কাজ করতে হচ্ছে। ‘আমার বয়স ৭৩ বছর। জীবনে আর কিছু চাওয়ার নেই। এটাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই লক্ষ্য,’ বলেন সিইসি নাসির উদ্দিন।
পতাকানিউজ/এআই

