ফেনীতে ১৫ দিন ধরে নিখোঁজ ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র মাহফুজুর রহমান ইমনের সন্ধান না পেয়ে উদ্বেগে দিন কাটাচ্ছে তার পরিবার। মঙ্গলবার (১৩ অক্টোবর) ছেলের সন্ধান চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। এ সময় ইমনকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান তারা।
নিখোঁজ ইমন ফেনী শহরের বিরিঞ্চি এলাকার পুশি ফকির বাড়ির বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ইমনের বাবা শহিদুল ইসলাম জানান, ব্যাটারিচালিত রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফেরেনি ইমন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ফেনীর ফতেহপুর এলাকা থেকে রিকশাটি উদ্ধার করা হয়। তবে রিকশার ব্যাটারিগুলো পাওয়া যায়নি।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে ওই দিনই ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শহিদুল ইসলাম। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে গেলেও ইমনের কোনো সন্ধান পাননি।
মানববন্ধনে ইমনের ভাই মোবারক হোসেন অভিযোগ করে বলেন, ‘আমরা গরিব মানুষ, পুলিশকে টাকা দিতে পারব না। তাই প্রশাসন আমার ভাইকে খুঁজছে না। আমরা বড়লোক হলে হয়তো আরও আগেই ভাইয়ের সন্ধান পেয়ে যেতাম।’
ইমনের মা মোমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। তিনি বলেন, ‘আমি আমার ছোট ছেলেকে ছাড়া বাঁচব না। জীবিত অথবা মৃত, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার নিরীহ ছেলেটি কোথায় আছে, কার কাছে রয়েছে, আমি জানতে চাই।’
ইমনের বড় ভাই মোশাররফ হোসেন ইপু বলেন, নিখোঁজ ভাইয়ের সন্ধানে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের জন্য তারা পুলিশের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু পুলিশ তাদের নিজেদের উদ্যোগে ফুটেজ সংগ্রহ করতে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ভাইয়ের সন্ধানে পুলিশের কার্যকর উদ্যোগ তারা দেখতে পাচ্ছেন না।

মানববন্ধনে বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন বলেন, ইমন তার মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ১৫ দিনেও তার সন্ধান না পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উদ্বিগ্ন। তারা দ্রুত ইমনের সন্ধান চান।
তবে পুলিশ বলছে, নিখোঁজ কিশোরের সন্ধানে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই থানার একটি দল এ বিষয়ে কাজ করছে। ইমনের বাড়ি থেকে শুরু করে তার চলাচলের সম্ভাব্য পথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে।
ওসি জানান, সর্বশেষ রাত সাড়ে ৭টার দিকে ইমনকে খালি রিকশা নিয়ে বিসিক এলাকায় দেখা গেছে। এরপর তার অবস্থান সম্পর্কে আর কোনো সূত্র পাওয়া যায়নি। একটি সূত্রের ভিত্তিতে চট্টগ্রামেও অভিযান চালানো হয়েছে। তবে সেখানে তার সন্ধান মেলেনি।
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
পতাকানিউজ/এএএম/এমএম

