ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি চরম অবমাননার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা শাখার নারী বিভাগের বিরুদ্ধে। নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে চলাচলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার, ৪ ফেব্রুয়ারি দুপুরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আয়োজিত ওই মিছিল ও সমাবেশে অংশ নেয়া কয়েকজন নারী কর্মী কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে জুতা পায়ে উঠে ঘোরাফেরা ও অবস্থান করেন।
১ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শহীদ মিনার বেদিতে জুতা পরে একাধিক নারী কর্মী উঠে চলাচল করছেন।
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ মানুষ, ভাষা আন্দোলনের চেতনায় বিশ্বাসী নাগরিক, সাংস্কৃতিক কর্মী ও সচেতন মহল এ ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক’ বলে আখ্যায়িত করছেন।
অনেকে মন্তব্য করেছেন, ভাষার মাসে এমন আচরণ জাতির ইতিহাস ও শহীদদের রক্তের প্রতি চরম অসম্মান।
অপরদিকে এঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামায়াতের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি বেলা ১২টায় ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ভিডিওটি দেখেছি। গ্রাম থেকে আসা অশিক্ষিত ও বয়স্ক কয়েকজন মা-বোন জুতা পায়ে শহীদ মিনারে উঠেছিলেন। তবে তাদের তাৎক্ষণিক শহীদ মিনার থেকে নামিয়ে দিয়েছেন নেতৃবৃন্দ। অসর্তকতা ও ভুলবশত এ ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
পতাকানিউজ/পিএম/আরবি

