গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার, ৩১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে জুলাই মাসে ভয়ঙ্কর হয়ে উঠেছে ডেঙ্গুর প্রকোপ। এক মাসেই ডেঙ্গুতে প্রাণ গেছে ৩৬ জনের।
এছাড়া এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন। চলতি বছরে মাস অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু জুলাইয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যু ছিল ডেঙ্গুতে। মে মাসে মৃত্যু হয় একজনের। জুনে ১৩ জনের মৃত্যু ছিল এবং জুলাই মাসে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এছাড়া মার্চ, এপ্রিলে কোনো ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর হয়নি।
চলতি মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে জুন মাসে ২ হাজার ৯০৭ জন, জানুয়ারিতে এক হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
পতাকানিউজ/আরবি

