জুলাই ঘোষণাপত্র কী? কী থাকছে এতে– দেশের রাজনীতি নিয়ে কিঞ্চিৎ মাথা ঘামান এমন প্রায় প্রতিটি মানুষ মাথায় ঘুরপাক খাচ্ছে এই একটিই প্রশ্ন। সাধারণ মানুষই শুধু নন, জুলাই ঘোষণাপত্রে কী থাকছে, সেদিকে দৃষ্টি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলেরও।
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশে এ ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আর এই জুলাই ঘোষণাপত্রে কী থাকছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সচেতন নাগরিক সমাজের আগ্রহ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এ কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। এর ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তির এই দিনে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের ওপর সব মহলের দৃষ্টি রয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ রাজনৈতিক দলগুলো, যারা জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণা ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিকভাবে খুবই ক্রিয়াশীল।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও কয়েক দফায় চিঠি চালাচালির মধ্য দিয়ে সরকার গণ-অভ্যুত্থানের বার্ষিকীতে একটি জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে। এর মধ্যে আগামীকাল ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এর খসড়া পাঠানো হয়। ইতিমধ্যে বিএনপি খসড়া ঘোষণাপত্রের কিছু সংশোধনী দলীয়ভাবে চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে। দলগুলোর মতামত দেখেই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

