জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপস্থিতি এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে সই করেন।
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপির এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।’
তিনি বলেন, ‘এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে তার জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।’
গত, ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।
২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। সেখানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি দল স্বাক্ষর করলেও এনসিপি স্বাক্ষর করেনি।
প্রধান উপদেষ্টার বাসভবনে স্বাক্ষর করার সংবাদ সম্মেলন করে এনসিপি। এসময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নোট অব ডিসেন্টের ব্যতিরকে সই করেছে এনসিপি। সংবিধান সংস্কার বাস্তবায়নে কাজ করবে কাল থেকেই।
এনসিপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।
পতাকানিউজ/আরবি

