বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, `জুলাইয়ে জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, আমরা সেটি অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রথম সংসদীয় দলীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয় তাঁকে দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে। সালাহউদ্দিন আহমদ বলেন, `বৈঠকে তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের জন্য দুটি গুরুত্বপূর্ণ অনুশাসন দিয়েছেন। এর মধ্যে রয়েছে কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবেন না এবং কোনো সরকারি প্লট গ্রহণ করবেন না।’
তিনি আরও বলেন, `আজ থেকে পরিবর্তন শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে তিনি সবার ওপরে থাকবেন, এমন ধারণা আর থাকবে না।’
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ বলেন, `গণভোটের রায় অনুসারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে যেতে হবে। এরপরই প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করা সম্ভব।’
তিনি উল্লেখ করেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর এখতিয়ার সিইসির (চিফ ইলেকশন কমিশনার) নেই। `সিইসি আমাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য কোনো উদ্যোগ নেননি, তাই আমরা শপথ নিইনি’ -বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, `সাংবিধানিকভাবে সব কিছু পরিচালিত হওয়া দরকার। আমরা এ পর্যন্ত যা এসেছি, তা সাংবিধানিক প্রক্রিয়ায় এসেছে। ভবিষ্যতেও আমরা রাষ্ট্র পরিচালনা করব সাংবিধানিক পদ্ধতিতে।’
-পতাকানিউজ

