রাজধানীর গণভবনে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ।
শনিবার, ৮ আগস্ট সকালে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। এর আগে সর্বসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেয়ার দাবি জানিয়েছিলেন নাহিদ ইসলাম।
এনসিপির নেতারা মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আন্দোলনের পটভূমি, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সে জন্য জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করেছে দলটি।
প্রসঙ্গত, বুধবার, ৫ আগস্ট সকালে এ জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত করা হয়।
পতাকানিউজ/আরবি

